সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামের একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল (শুক্রবার, ৭ মার্চ) দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটক করা হয় তাকে। এসময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় কষ্টিপাথর।
আজ (শনিবার, ৭ মার্চ) বিকেলে প্রেস বিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
আরও পড়ুন:
আটক রাসেল ইসলাম হলেন বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে। তার দেয়া তথ্যানুযায়ী একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মূর্তি উদ্ধার করা হয়।’
তিনি জানান, মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। সীমান্তে বিজিবি সব সময় সর্তক অবস্থানে আছে বলেও জানান তিনি।





