স্থানীয় সূত্রে জানা যায়, বস্তায় সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার পুত্র জুবায়েরের (২২) বসতঘর ও দোকানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মোট পরিমাণ ৪২০ কেজি যার বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ বা বিক্রির চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চাল উপজেলা পরিষদে প্রশাসনের হেফাজতে রয়েছে। চাল গুলো গরীব দুঃস্থ অসহায় মানুষের মাঝে আগামী সোমবার বিতরণ করা হবে বলে তিনি জানান।





