পাবনায় অস্ত্র ব্যবসায়ীর স্বীকারোক্তির পর উন্নতমানের শুটারগান উদ্ধার

অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন
অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন | ছবি: এখন টিভি
0

পাবনায় অস্ত্র ব্যবসায়ীর স্বীকারোক্তির পর উন্নতমানের বার্মিজ ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) রাত দেড়টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের অস্ত্রব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বসতবাড়ির নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে রক্ষিত গোবরের ঘষির বস্তার মধ্যে থেকে এই বার্মিজ ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

পাবনার নতুন পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ যোগদানের দিনই অস্ত্র উদ্ধারে নামেন এবং সফলতা পান।

সূত্র জানায়, গত ২৬ এপ্রিল পাবনা সদর উপজেলার শুকচর গ্রামের আবুল হোসেনের ছেলে অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে (৩৬) একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটারগান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

ওই মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে। তদন্তের স্বার্থে আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে আসামির দেয়া তথ্য ও দেখানো মতে সদর থানাধীন চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের উক্ত স্থান থেকে বার্মিজ ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়। অস্ত্রটি যথাযথ নিয়মে জব্দ করা হয়েছে।

পাবনার নবাগত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন, ‘আমি পাবনা জেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। অস্ত্র মাদক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অবস্থান।’

এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এসএস