মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩

জব্দকৃত সিমেন্ট ও আটকরা
জব্দকৃত সিমেন্ট ও আটকরা | ছবি: এখন টিভি
0

মিয়ানমারের পাচারকালে বঙ্গোপসাগর থেকে তিনটি ফিশিং বোটসহ ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় ৩৩ জনকে আটক করা হয়।

শাহপরীর দ্বীপ জেটিঘাটে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আজ (রোববার, ১৭ মে) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী।

এর আগে, কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় গতকাল (শনিবার, ১৬ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।

মুত্তাকীন সিদ্দিকী জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

আরও পড়ুন:

কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশে বহন করছিলেন।

কোস্টগার্ড আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও জোরদার করা হয়েছে।

এছাড়া জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

এসএইচ