আজ (রোববার, ১৭ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকনাফের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে টেকনাফ থানার কেরুণতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৭ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও এক মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে, রোববার সকাল ৮টা ও বিকেল ৪টার দিকে টেকনাফের হলবনিয়া ও মাথাভাঙ্গা এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১২৭ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক।
এছাড়াও একইদিন দুপুর ১টার দিকে সাবরাং নয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঝাউবনের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত যানবাহন এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





