নিহত মাসুম হোসেন নওগাঁ সদর উপজেলার তিলোকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রতিপক্ষের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে মাসুম হোসেনের বিরোধ চলে আসছিল। গতকাল রাত ১০টার দিকে তিলোকপুর হাটের জিরো পয়েন্ট এলাকায় মাসুম হোসেনের সঙ্গে প্রতিপক্ষ শিবলু রহমানসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুমের ওপর হামলা করে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ।
পরে গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। তবে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
আরও পড়ুন:
তিলোকপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ইয়াছিন আলী (নান্নু) বলেন, ‘জমিজমা নিয়ে মাঝেমধ্যে দুইপক্ষের মধ্যে ঝগড়া হতো। শেষ পর্যন্ত যা হত্যায় রূপ নেয়। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এ অন্যায়কে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। অন্যায় যেই করুক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মারধরের ঘটনা জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মধ্যে হলেও নিহত ও হামলাকারীর বাড়ি নওগাঁ সদর থানায়। নিহতের মরদেহ নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।’




