শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ভারতীয় গ্রেপ্তার

জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তার ভারতীয় নাগরিক
জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তার ভারতীয় নাগরিক | ছবি: সংগৃহীত
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে পাচারকৃত বিপুল পরিমাণ গাঁজাসহ জুলফিকার মোল্লা (৩৩) নামের এক ভারতীয় নাগরিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। পরে ডিএনসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার দুপুর দেড়টায় বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এসময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক মো. জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

ডিএনসি জানায়, পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলিব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ২১টি পলি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

এসময় তার কাছ থেকে জব্দকৃত অন্যান্য সরঞ্জামগুলো হলো— ১টি ভারতীয় পাসপোর্ট, ১টি বোর্ডিং কার্ড, ভারতীয় সিমসহ ১টি স্মার্টফোন।

ডিএনসি আরও জানায়, গ্রেপ্তার আসামি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় ডিএনসি বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এছাড়া আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে ২-৩ দিন অবস্থান করে তার ভারতে যাওয়ার পরিকল্পনা ছিলো।

এসএইচ