কোম্পানীগঞ্জে তদন্তে গিয়ে হামলার শিকার; ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭

কোম্পানীগঞ্জ থানা
কোম্পানীগঞ্জ থানা | ছবি: সংগৃহীত
0

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি ও হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়ে তদন্তে গেলে পুলিশ সদস্যদের ওপর অভিযুক্তরা হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় ওসিসহ (তদন্ত) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপ-পরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনেস্টবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ, ড্রাইভার ইছাক শেখ।

আটককৃতরা হলেন— ঘটনায় জড়িত বিবাদী ছেমনা খাতুন (৫০), বিয়াধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজি উল্লা (৭০), আবু সুফিয়ান (২৮), বোবা জাবের(৪৫)।

পুলিশ জানায়, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৯-১০ জনকে অভিযুক্ত করে চাঁদাদাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির একটি অভিযোগ দায়ের করে দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার।

আরও পড়ুন:

অভিযোগ পেয়ে ওসিসহ (তদন্ত) পুলিশের টিম ঘটনাস্থলে যান তদন্তে। এসময় দু’পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলে ফেরার পথে বাদী নুরুল আবসার পুলিশকে ফোন দিয়ে জানান, অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ভাঙচুর করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জিজ্ঞেস করতেই পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তরা। এতে পুলিশের ওই পাঁচ সদস্য আহত হন। পরে তারা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এসময় পুলিশের ওপর হামলা ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ এসল্ট ঘটনার একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এসএস