রাজধানীর পৃথক স্থানে গুলি হামলার ঘটনায় আহত ২

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা | ছবি: এখন টিভি
0

রাজধানীর শনির আখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম খান নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, রাজধানীর দারুস সালামে নিজ বাড়িতে টিভি দেখা অবস্থায় খোলা জানালা দিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত জেসমিন আক্তার নামে এক নারী। দুটি ঘটনায়-ই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজধানীর দারুস সালামের বাসিন্দা জেসমিন আক্তার। গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টিনশেডের ভাড়া বাড়িতে টিভি দেখছিলেন জেসমিন। এমন সময় খোলা জানালা দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি তাকে গুলি করে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়।

ভুক্তভোগীর ছেলে বলেন, ‘আমি অফিস থেকে এসে শুনি যে, আমার আম্মু ঘরে লাইট অফ করে টিভি দেখছিলো। এরপর কী যেন একটা শব্দ হয়েছিলো, আম্মু মাথা ঘুরে পড়ে গেছিলো, এর বেশি কিছু জানি না।’

তবে কে বা কারা গুলি করেছে এখনো জানা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন মুঠোফোনে জানান, এ বিষয়ে তদন্ত চলমান, সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

একই সময়ে শনির আখড়ায় দোকানের ভেতরে আসলাম খান নামের এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। গুলি বাম হাতের কনুইয়ের ওপর ও মুখের ডান পাশে লাগে। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতের বন্ধু আনোয়ার হোসেন জানান, গুলি করা ব্যক্তি স্থানীয় এক দোকানের স্টাফ। তিনি বলেন, ‘ফিল্মি স্টাইলে দোকানে ঢুকেছে, দোকানে ঢুকেই তারা শ্যুট করেছে। ও ক্যাশে বসা ছিলো, ওকে শ্যুট করার সঙ্গে সঙ্গেই ও নিজের সেফটির জন্য যত দ্রুত সম্ভব হাতের কাছে থাকা কুকারিজ সামগ্রী দিয়ে ঢিল মারা শুরু করে। এতে সে বেশি শ্যুট করতে পারেনি। তবে আসলাম গুরুতর আহত হয়েছে।’

কদমতলী থানার এসআই হাসান জানান, আসামিকে আটক করা হয়েছে। একটি রিভালভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এদিকে, শনিবার রাত ৮টার দিকে ঢাকার সাভারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

এসএইচ