গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি মানবপাচারকারী চক্র টেকনাফের বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাচারের চেষ্টা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কচ্ছপিয়া এলাকায় কয়েকজন নারী-পুরুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করার খবর পায় পুলিশ। পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।





