ফেনীতে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য ও কাভার্ড ভ্যান
বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য ও কাভার্ড ভ্যান | ছবি: এখন টিভি
0

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কাভার্ড ভ্যান জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস ও কাভার ভ্যান জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এএইচ