যশোর সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি পণ্য ও নেশাজাতীয় সিরাপ জব্দ

জব্দ চোরাচালানি পণ্য ও নেশাজাতীয় সিরাপ
জব্দ চোরাচালানি পণ্য ও নেশাজাতীয় সিরাপ | ছবি: সংগৃহীত
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৫ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ, শাড়ি, থ্রি-পিস, কম্বল, চাদর, চকলেট ও প্রসাধনসামগ্রী।

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ১১৫ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ১৯১টি শাড়ি, তিনটি থ্রি-পিস, একটি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুচকা, এক প্যাকেট কিসমিস, ৪৬০টি চকলেট ও ৩৭৩টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

এফএস