অবৈধভাবে রাস্তা দখল করলে মালামাল জব্দ করা হবে : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম | ছবি: বাসস
0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।

প্রশাসক বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে দখল করে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে ও গ্রেপ্তার করা হবে।’

হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে।

আবদুস সালাম বলেন, ‘ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী—দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন। এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।’

আজ সকাল ১১টা ও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত দুই দফার অভিযানে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। অভিযানের মাধ্যমে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত পথচারীরা উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ডিএসসিসি প্রশাসককে ধন্যবাদ জানান।

এএম