ঈদকে কেন্দ্র করে চাপ বেড়েছে আকাশপথে। আর এ সময়টাকে ঘিরেই সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা যায় দেশের ট্রাভেল এজেন্সিগুলোতে, থাকে ঈদে মানুষের বাড়ি ফেরার চাপ। এছাড়া বাড়ছে পরিবার-পরিজন নিয়ে দেশের অথবা বিদেশের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে যাওয়ার আগ্রহ। সেইসঙ্গে বাড়ছে টিকিট ও ট্যুর প্যাকেজের চাহিদাও।
ঈদ পূর্ববর্তী সময়ে সবচেয়ে বেশি চাহিদা সৈয়দপুর রুটে। ১৭মার্চ ওয়ান ওয়ে রুটের এয়ার টিকেটের মূল্য বিভিন্ন এয়ারলাইন্সভেদে শুরু হচ্ছে ৯ হাজার ৭৫০ থেকে ১০ হাজার ৭৫০ টাকার মধ্যে।
আবার ঈদ পরবর্তী সময়ে ২২ মার্চ কক্সবাজার রুটে এয়ারলাইন্সভেদে ওয়ানওয়ে টিকেটের মূল্য শুরু হচ্ছে ৬ হাজার ৭৪৯ থেকে ১১ হাজার ২৪৯ টাকা পর্যন্ত।
এছাড়াও রয়েছে সিলেট রুটের চাহিদা, যেখানে টিকেট মূল্য ৪ হাজার ৬৯৯ টাকা থেকে শুরু।
ট্রাভেল ব্যবসায়ীরা বলছেন, ঈদকে সামনে রেখে অভ্যন্তরীণ পর্যটনের বুকিং বাড়ছে। দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। বিশেষ করে কক্সবাজার, সিলেট, শ্রীমঙ্গল এ জায়গাগুলোতে প্যাকেজ বুকিং বেশি।
আরও পড়ুন:
শেয়ার ট্রিপের প্রধান বিক্রয় কর্মকর্তা শিবলী সাদিক বলেন, ‘ঈদের চাপটা শুরু হয় রমজানের মাঝের দিক থেকে। আমাদের লাউঞ্জে, বনানীতে এবং অনলাইনে এখন যে পরিমাণ গ্রাহক চাহিদা দেখতে পাচ্ছি, অবশ্যই অনেক ভালো, সেটা কিছুটা বেড়েছে।
নভোএয়ারের পরিচালক সোহাইল মাজিদ বলেন, ‘অ্যাফর্ডিবিলিটি বা ফ্যামিলি ট্রাভেল টুগেদারের কথা চিন্তা করে মানুষ যাতে নিদ্বিধায় ছুটির আগে তাদের ট্যুর প্ল্যান করতে পারে, সে ব্যবস্থা করেছি। আমরা অনেক বেশি চাহিদা লক্ষ্য করছি গ্রাহকদের। কক্সবাজার রুটটি সবচেয়ে বেশি জমজমাট হলিডের জন্য।’
তবে ব্যবসা বাড়লেও কিছু চ্যালেঞ্জের কথাও বলছেন সংশ্লিষ্টরা। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আতঙ্ক অন্যদিকে বিমান টিকিট ও হোটেল ভাড়ার দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক রুটগুলোতে আগের বছরগুলোর তুলনায় আগ্রহ কম গ্রাহকদের।
আকাশবাড়ী হলিডেজের সিইও তৌহিদুল আলম মিল্কি বলেন, ‘ঈদের টিকিটগুলো সাধারণত গ্রুপে কিনতাম। অনেক চাহিদা ছিল, যেটা আমরা ডিমান্ড-সাপ্লাই অনুযায়ী আগেই ব্যবস্থা করতে পারতাম। কিন্তু এখন আমরা সেটা করতে পারছি না, সেটা এখন আমাদের অন দ্য স্পট করতে হচ্ছে।’
তারপরও ঈদের ছুটিকে ঘিরে ভ্রমণপিপাসু মানুষের আগ্রহে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে বলে মত এয়ারলাইন্স ও এজেন্সিগুলো। শেষ মুহূর্তের বুকিং বাড়লে এই খাতের ব্যবসা আরও জমে উঠবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা





