Recent event

কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শিক্ষকরা
কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শিক্ষকরা | ছবি: সংগৃহীত
1

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। আজ (সোমবার, ১ ডিসেম্বর) কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ঘোষিত এ কর্মসূচির ফলে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রয়েছে। গত (বুধবার, ২৪ নভেম্বর) থেকে এসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল।

শিক্ষকরা বলছেন, সরকার যদি তাদের দাবি মেনে নেয়, তবে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

আরও পড়ুন:

শিক্ষকদের উত্থাপিত চারটি দাবির মধ্যে প্রধান হলো; সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের স্বতন্ত্র গেজেট প্রকাশ করা। এছাড়া বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন কার্যকর করার দাবি জানানো হয়েছে।

একইসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ প্রদান এবং ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের জন্য দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশের দাবিও তুলে ধরেছেন শিক্ষকরা।

এদিকে, দেশব্যাপী সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পন্নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে এক অফিস আদেশে, পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক বা কর্মকর্তার যেকোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে বিধান অনুসারে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানানো হয়।

এফএস