দেশের আট বিভাগে বৃষ্টি আভাস; কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর | ছবি: সংগৃহীত
0

দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও তা বিদায় নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এফএস