সিলেটে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৫৫

হামের প্রতীকী
হামের প্রতীকী | ছবি: এখন টিভি
0

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে। এছাড়াও এ রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৫ জন রোগী।

আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৩২ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় মোট ১ হাজার ৫৩ জন রোগীর দেহে হাম নিশ্চিতভাবে পাওয়া গেছে তবে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার রোগী।

এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৮৪ জন রোগী, যা হাসপাতালটির শয্যা সংখ্যার প্রায় দ্বিগুণ।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলেও ভর্তি রোগীর সংখ্যা ২৫০ জনের বেশি। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চিকিৎসা নিচ্ছেন বিপুল পরিমাণ রোগী।

রোগীর স্বজনরা বলছেন, পর্যাপ্ত শয্যা সংকটের কারণে এবং প্রয়োজনীয় ওষুধের অভাবে হাম আক্রান্তদের চিকিৎসাসেবায় কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে চিকিৎসকরা বলছেন, হাম মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এসএইচ