ইসরাইলের জাতীয় নির্বাচনের মাত্র কয়েক দিন আগে শুক্রবার রাতে স্থানীয় সম্প্রচারমাধ্যম আইটোয়েন্টিফোর নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত বা ভেঙে দেয়া হবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি জানান, তিনি কৌশল ও আকস্মিক চমক পছন্দ করেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তারা বদলে দিয়েছেন দাবি করে তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্যও সামনে অত্যন্ত বড় ধরনের চমক রয়েছে।
এর আগে শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হন। এই ঘটনার পর তীব্র সামরিক পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। হামলার পরপরই নেতানিয়াহুর কট্টর ডানপন্থি রাজনৈতিক মিত্ররা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমূলে উচ্ছেদ করার দাবি তোলেন।
১৯৯০-এর দশকের শান্তি চুক্তির অংশ হিসেবে ইসরাইলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পশ্চিম তীরের কিছু এলাকা পরিচালনা করে আসছে আধা-স্বায়ত্তশাসিত এই ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে শুক্রবার ইসরাইলি সেনাদের ওপর চালানো ওই হামলার সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।





