অ্যানথ্রোপিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা: বহুল প্রতীক্ষিত ‘সুপার অ্যাপ’ আনলো ওপেনএআই

ওপেনএআই ও চ্যাটজিপিটি লোগো
ওপেনএআই ও চ্যাটজিপিটি লোগো | ছবি: সংগৃহীত
0

বহুল প্রতীক্ষিত একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এজেন্টের ঘোষণা দিয়েছে ওপেনএআই। গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) প্রদর্শিত এই এজেন্টের মাধ্যমে হোয়াইট কলার কর্মীরা বেশি খরচ ছাড়াই কোডিং টুলগুলোর শক্তি ব্যবহার করতে পারবেন।

কোম্পানিটি জানিয়েছে, ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ নামের এই এজেন্ট ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবটের সঙ্গে তাদের এআই কোডিং টুল কোডেক্সকে মিলিয়ে ডকুমেন্ট, উপস্থাপনা ও ওয়েবসাইট তৈরি করতে পারবে। এই পরিষেবাটি ওপেনএআইয়ের সবচেয়ে উন্নত এআই মডেল জিপিটি-৫.৬ দ্বারা চালিত। বৃহস্পতিবারই এই মডেলটিও উন্মোচন করা হয়েছে।

জাতীয় নিরাপত্তার শঙ্কায় যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে গত মাসে এই মডেল উন্মোচন বিলম্বিত হয়েছিল।

চ্যাটজিপিটি ওয়ার্ক মূলত অ্যানথ্রোপিক ‘ক্লদ কোওয়ার্ক’-এর সরাসরি জবাব। জানুয়ারিতে অ্যান্থ্রপিকের চালু করা এই এজেন্টটি স্বয়ংক্রিয়ভাবে বহু ধাপের কাজ পরিকল্পনা ও সম্পাদন করতে পারে।

পেশাদার ব্যবহারের জন্য এআই টুল তৈরি ও বিক্রির প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। ন্যূনতম মানব হস্তক্ষেপে জটিল কাজ সম্পন্ন করতে পারে এমন স্বয়ংক্রিয় এজেন্টের চাহিদা বাড়ছে। প্রযুক্তি কোম্পানিগুলো এই সুযোগ কাজে লাগাতে চাইছে। অ্যানথ্রোপিক ও ওপেনএআই দুই কোম্পানিই সম্ভাব্য পাবলিক অফারিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভোক্তাদের কাছে পণ্য বিক্রির চেয়ে এন্টারপ্রাইজ ব্যবসা বেশি লাভজনক হওয়ায় দুই কোম্পানিই এই বাজার দখলের লড়াইয়ে নেমেছে।

চ্যাটজিপিটি ওয়ার্ক ও ক্লদ কোওয়ার্ক—দুটি প্রোডাক্টই এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে যারা কোডিং জানেন না, তবে এআই কোডিং টুলগুলোর সক্ষমতা ব্যবহার করতে চান। এসব টুল সাধারণ চ্যাটবটের চেয়ে অনেক বেশি কার্যকর হলেও এগুলো ব্যবহারের জন্য বিশেষ জ্ঞান প্রয়োজন হয়।

ওপেনএআইয়ের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তাদের নতুন এই সেবাটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর পণ্যের তুলনায় সাশ্রয়ী ও অনেক বেশি সহজলভ্য হবে। কোম্পানিটি তাদের ৫.৬ মডেলের তিনটি ভিন্ন আকারের সংস্করণ চালু করেছে।

চ্যাটজিপিটি ওয়ার্কের প্রোডাক্ট ম্যানেজার টাই গেরি এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রতিটি শিল্পের সমস্যা সমাধানে আপনি মডেলটির কোডিং সক্ষমতা প্রয়োগ করতে পারেন।’ তিনি ওপেনএআইয়ের ৫.৬ মডেলকে ‘অনেক অনেক বেশি ব্যয়বহুল মডেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, দ্বিগুণ গতিসম্পন্ন এবং অনেক অনেক বেশি সাশ্রয়ী’ বলে বর্ণনা করেছেন।

বৃহস্পতিবারের ঘোষণাটি এমন ধরনের এআই টুল ব্যবহারের উচ্চ খরচ নিয়ে কোম্পানিগুলোর মধ্যে বাড়তে থাকা উদ্বেগকেও তুলে ধরেছে। পরামর্শক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসের বিশ্লেষক ম্যাক্স ওয়েনবাখ বলেন, ওপেনএআইয়ের নতুন মডেলের সবচেয়ে ছোট সংস্করণটি বৃহত্তম সংস্করণের মতোই ভালোভাবে একটি কাজ সম্পন্ন করতে পারে—তবে খরচ পড়বে পাঁচ ভাগের এক ভাগ। তিনি বলেন, ‘এই প্রথম আমি ছোট মডেলগুলোকে এ ধরনের কাজ সম্পন্ন করতে দেখলাম।’

এই ঘোষণার আগে ওপেনএআইয়ের এজেন্টিক সেবাগুলোর মধ্যে ছিল অপারেটর ও ডিপ রিসার্চ। পরে ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য এগুলোকে চ্যাটজিপিটি এজেন্টে একীভূত করা হয়েছিল। এছাড়া এন্টারপ্রাইজ ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য ওয়ার্কস্পেস এজেন্টসও ছিল।

গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) প্রথমে প্রো, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীদের জন্য ওয়েব ও মোবাইলে চ্যাটজিপিটি ওয়ার্ক চালু হবে। এরপর কয়েক দিনের মধ্যে এটি প্লাস ও ব্যবসায়িক ব্যবহারকারীদের কাছে সম্প্রসারিত হবে। ওপেনএআই একটি নতুন চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং একটি হোস্টেড ওয়েবসাইট ফিচারও ঘোষণা করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটজিপিটি ওয়ার্কের মাধ্যমে ওয়েবসাইট তৈরি ও শেয়ার করতে পারবেন।

এএম