চলতি গ্রীষ্মের শেষেই প্রসেসরের দাম বাড়াতে পারে কোয়ালকম

কোয়ালকম
কোয়ালকম | ছবি: সংগৃহীত
0

চলতি বছরের গ্রীষ্মের শেষে প্রসেসরসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর কথা ভাবছে কোয়ালকম। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এনগ্যাজেটের।

স্মার্টফোন প্রসেসর তৈরির বাজারে বিশ্বে অন্যতম শীর্ষস্থানে রয়েছে কোয়ালকম। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন খাতে তাদের একচ্ছত্র আধিপত্য বললেই চলে। অধিকাংশ প্রযুক্তি প্রতিষ্ঠানই তাদের ফ্ল্যাগশিপ বা শীর্ষ সারির ফোনগুলোতে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে থাকে।

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বাধুনিক ফোল্ডেবল ফোন—গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রা, ফোল্ড ৮ এবং ফ্লিপ ৮-এর মতো প্রিমিয়াম ডিভাইসে এ প্রসেসর ব্যবহৃত হচ্ছে।

এছাড়া মাইক্রোসফটের ‘কোপাইলট প্লাস’ পিসি এবং মেটার ‘রে-ব্যান’ স্মার্ট গ্লাসের মতো পরিধানযোগ্য প্রযুক্তিতেও (ওয়্যারলেস গ্যাজেট) রয়েছে কোয়ালকম প্রসেসরের উপস্থিতি। ফলে স্বভাবতই কোম্পানিটির এ মূল্যবৃদ্ধির প্রভাব বিভিন্ন ব্র্যান্ড ও ডিজিটাল ডিভাইসের বাজারে ব্যাপকভাবে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে যেসব পণ্য বাজারে সরবরাহ বা শিপমেন্ট করা হবে, সেগুলোতে এ নতুন বর্ধিত মূল্য কার্যকর হবে। এরইমধ্যে গ্রাহক প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কোয়ালকম।

প্রতিষ্ঠানটি জানায়, যন্ত্রাংশ সরবরাহকারীদের কাছ থেকে উচ্চমূল্যে কাঁচামাল কেনার পর বাড়তি এ খরচের বোঝা তারা আর একা বহন করতে পারছে না। বিকল্প উৎস থেকে সাশ্রয়ী মূল্যে উপাদান সংগ্রহের চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

কোয়ালকমের মূল চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি বর্তমানে তীব্র সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের সংকটে ভুগছে। প্রযুক্তি খাতের অন্যান্য প্রতিষ্ঠানের মতোই কোয়ালকমও মেমোরি ও প্রয়োজনীয় যন্ত্রাংশের মারাত্মক ঘাটতির মুখোমুখি হচ্ছে।মূলত বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ ডাটা সেন্টার তৈরির হিড়িক পড়ায় এই সংকট তৈরি হয়েছে।

যন্ত্রাংশের চড়া দামের পাশাপাশি সম্প্রতি বিক্রি কমে যাওয়ার ধাক্কাও সামলাতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সরবরাহ সংকটের কারণে গ্রাহক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত ডিভাইস তৈরি করতে না পারায় চলতি বছর কোয়ালকমের বিক্রি কিছুটা নিম্নমুখী ছিল।

অবশ্য এসব প্রতিকূলতার মধ্যেও ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি রাজস্ব আয় নিশ্চিত করেছে এই চিপ জায়ান্ট।

এএইচ