ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের বাইরে বন্দুকযুদ্ধ, ২ পুলিশ আহত

কনস্যুলেটের বাহিরে বন্দুক হাতে পুলিশরা
কনস্যুলেটের বাহিরে বন্দুক হাতে পুলিশরা | ছবি: রয়টার্স
0

ইরান যুদ্ধ ৩৯তম দিনে গড়ানোর মধ্যে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেট ভবনের বাইরে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ২ পুলিশ আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা গুলি চালায় পুলিশ। ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কনস্যুলেট ভবনের কাছে অস্ত্র নিয়ে হামলাকারীরা গুলি ছোড়া শুরু করলে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে দুই হামলাকারী নিহত হন, আর তৃতীয়জনকে আটক করা হয়। এক পুলিশ কর্মকর্তা গুলিবিনিময়ের সময় আহত হন। ঘটনার পরপরই ভবনটির আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি বলেন, ‘তারা ভাড়া গাড়িতে ইস্তাম্বুলে আসে এবং হামলাকারীদের একজন এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যা অঞ্চলকে শোষণ করে।’

তুর্কি সরকারের যোগাযোগবিষয়ক প্রধান বলেন, ‘এই কাপুরুষোচিত হামলা’ ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ এবং ‘সন্ত্রাসমুক্ত অঞ্চল’ গড়ার বিশ্বাস ও সংকল্পকে দুর্বল করতে পারবে না।

এএফপি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলার পর নিরাপত্তাজনিত কারণে শুধু তুরস্কে নয়, পুরো অঞ্চলেই ইসরাইলি কূটনৈতিক মিশনগুলো সরিয়ে নেয়া হয়েছিল।

ইস্তাম্বুলের এই ঘটনা এমন দিনে ঘটলো, যেদিন ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার কথা। রোববার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার মধ্যে আলটিমেটাম দেন। তিনি বলেন, ‘সময়সীমার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে।’

এক দিন আগে ইরান পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে ১০ দফা প্রস্তাব পাঠায়। ট্রাম্প একে গুরুত্বপূর্ণ, তবে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি যথেষ্ট ভালো নয়, তবে খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’ তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে।

ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে জানা যায়, তেহরানের প্রস্তাবে পুরো অঞ্চলে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের একটি প্রটোকল, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠনের অঙ্গীকারের দাবি রয়েছে।

এএম