ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভে সাবেক সেনাসহ ৬০-এর বেশি গ্রেপ্তার

গ্রেপ্তার করা হচ্ছে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের
গ্রেপ্তার করা হচ্ছে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের | ছবি: সংগৃহীত
0

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটন ডিসির একটি কংগ্রেস ভবনে অবস্থান নেয়ায় ৬০ জনের বেশি সাবেক মার্কিন সেনা ও তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) ক্যানন হাউস অফিস ভবনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল।

কয়েকটি প্রবীণ সেনা সংগঠনের আয়োজনে এই বিক্ষোভে অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন ক্যাপিটল পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন শারীরিক প্রতিবন্ধীও রয়েছেন।

বিক্ষোভকারীরা ক্যানন ভবনের রোটান্ডায় সমবেত হয়ে মার্কিন হামলায় নিহত ইরানিদের সম্মানে লাল টিউলিপ ফুল হাতে নীরবতা পালন করেন। এ সময় তাদের হাতে ‘ইরান যুদ্ধ বন্ধ করো’ লেখা ব্যানার দেখা যায়।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা একটি পতাকা ভাঁজ করার অনুষ্ঠান পরিচালনা করছেন। এই প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে তারা চলমান যুদ্ধে নিহত ১৩ জন মার্কিন সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানান এবং যুদ্ধবিরোধী স্লোগান দেন।

একপর্যায়ে ক্যাপিটল পুলিশ বিক্ষোভকারীদের হাত বেঁধে ভবন থেকে সরিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে বিভিন্ন মহলে এই সংঘাত নিয়ে অসন্তোষ দানা বাঁধছে। বিশেষ করে মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সাবেক সেনারা এই সরব প্রতিবাদ শুরু করেছেন।

এএম