বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসহাক দার আবারও নিশ্চিত করেছেন যে পাকিস্তান এই অঞ্চলে এবং এর বাইরে টেকসই শান্তি ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার পথ সহজতর করতে কাজ করে যাচ্ছে।
একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মধ্যস্থতা প্রক্রিয়ার বিষয়ে অনির্ভরযোগ্য বা নামহীন সূত্রের বরাত দিয়ে তথ্য প্রচার না করতে সতর্ক করেছে। সংবাদমাধ্যমগুলোকে বিভ্রান্তি এড়াতে কেবল ‘অফিশিয়াল’ বা সরকারি বিবৃতির ওপর গুরুত্ব দেয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।
এদিকে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই প্রকাশ্য ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পর্দার আড়ালে বড় ধরনের কোনো কূটনৈতিক তৎপরতা চলছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানে পৌঁছেছেন এবং মার্কিন বিশেষ দূতদেরও সেখানে পৌঁছানোর কথা রয়েছে।





