ট্রাম্পের ছেলেদের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি; মার্কিন বিমানবাহিনীকে ড্রোন দিচ্ছে ‘পাওয়ারআস’

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প পাওয়ারাসে বিনিয়োগ করেছেন
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প পাওয়ারাসে বিনিয়োগ করেছেন | ছবি: সংগৃহীত
0

মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘পাওয়ারআস’ দেশটির সামরিক বাহিনীর কাছে ড্রোন বিক্রি করতে যাচ্ছে। ফ্লোরিডাভিত্তিক এই কোম্পানিটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ রয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে কোম্পানির প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমানবাহিনী পাওয়ারআস থেকে একটি নির্দিষ্ট সংখ্যক ‘ইন্টারসেপ্টর ড্রোন’ কেনার বিষয়ে একমত হয়েছে। বর্তমানে আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান গুরুত্ব এবং ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে সস্তা ড্রোনের সাফল্যকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ব্রেট ভেলিকোভিচ বলেন, ‘এটি ড্রোনের ক্ষেত্রে আমেরিকার আধিপত্য বজায় রাখার লড়াই। ড্রোনের হুমকি এখন বাস্তব। প্রতিদিন সস্তা ড্রোনগুলো আকাশছোঁয়া দামের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করছে এবং আমাদের যোদ্ধারা ঝুঁকির মুখে পড়ছে।’

তিনি আরও যোগ করেন, ‘আধুনিক যুদ্ধের অর্থনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে এবং আমরা তা ধরতে কিছুটা দেরি করে ফেলেছি। আমাদের প্রযুক্তি সেই ভারসাম্য আবারও ফিরিয়ে আনবে। এটি মূলত আমেরিকানদের জীবন বাঁচানোর একটি প্রচেষ্টা।’

বিশ্লেষকদের মতে, খোদ প্রেসিডেন্টের সন্তানদের সংশ্লিষ্টতা থাকা একটি কোম্পানির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে। তবে পাওয়ারআস কর্তৃপক্ষের দাবি, তাদের প্রযুক্তি মার্কিন সামরিক সক্ষমতাকে আরও আধুনিক ও সাশ্রয়ী করবে।

এএম