জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার; বিস্তারিত জানতে চায় ন্যাটো

ন্যাটো পতাকা ও সৈন্যরা
ন্যাটো পতাকা ও সৈন্যরা | ছবি: সংগৃহীত
0

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ন্যাটো। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বাদানুবাদের জেরে নেয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিস্তারিত বুঝতে কাজ চলছে বলে আজ (শনিবার, ২ মে) জানিয়েছে সংস্থাটি। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় ইরান ওয়াশিংটনকে ‘লজ্জিত’ করছে—জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর এমন মন্তব্যের পর চ্যান্সেলরের কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই জার্মানি থেকে সেনা কমানোর এই ঘোষণা আসে।

ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে বলেন, ‘জার্মানিতে মার্কিন বাহিনীর অবস্থানের পরিবর্তনের বিষয়ে তাদের সিদ্ধান্তের বিস্তারিত বুঝতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি।’

তিনি আরও উল্লেখ করেন, এই পরিবর্তন এটাই প্রমাণ করে যে ইউরোপকে এখন প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগ করতে হবে এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হবে।

জোটভুক্ত দেশগুলো তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে বিনিয়োগে রাজি হওয়ার পর থেকেই এই অগ্রগতির ধারা শুরু হয়েছে বলে তিনি জানান। মুখপাত্র আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, ‘শক্তিশালী ন্যাটোর ভেতরে একটি শক্তিশালী ইউরোপ গড়ে তোলার এই প্রক্রিয়া চলাকালীন প্রতিরক্ষা ও শত্রুকে দমনে তাদের সক্ষমতা অটুট থাকবে।’

এএম