ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সামরিক অভিযানের ফলে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সংস্থাটির মহাসচিব মেয়সাম আফশার জানিয়েছেন, এই হামলায় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ ট্রিলিয়ন তুমান (১২ কোটি ৯০ লাখ ডলার)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আফশার জানান যে হামলায় রেড ক্রিসেন্টের তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।
শুধু এই একটি হেলিকপ্টার ধ্বংস হওয়ার কারণেই প্রায় ১ হাজার ৫০০ বিলিয়ন তুমান বা ১ কোটি ৯৫ লাখ ডলারের ক্ষতি হয়েছে। এছাড়া সংস্থাটির ৪৯টি জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন এবং ৫৬টিরও বেশি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।