যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব আজই দিতে পারে ইরান

ইরানের জাতীয় পতাকা
ইরানের জাতীয় পতাকা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবের ওপর নিজেদের আনুষ্ঠানিক মতামত আজ বুধবারই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে পাঠাতে পারে ইরান। যদিও তেহরান এখনো প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি, তবে ইরানের একজন সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আজই জবাব পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি কর্মকর্তাদের মতে, বর্তমান পর্যায়ে তারা কেবল সব ফ্রন্টে যুদ্ধ অবসানের বিষয়টি নিয়ে আলোচনা করছেন; পারমাণবিক কর্মসূচি নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা হবে না।

ইরান আগে যুদ্ধ বন্ধের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সরাসরি নিশ্চয়তা, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার দাবি জানিয়েছে। এসব শর্ত পূরণ হলে দ্বিতীয় পর্যায়ে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি আছেন।

এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে তেহরান। তারা ইতিমধ্যে ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে।

ইরান স্পষ্ট করে দিয়েছে যে, প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিয়মে আমূল পরিবর্তন এসেছে এবং এখন থেকে যেকোনো জাহাজ পারাপারের আগে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এএম