ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত ৮ বেসামরিক

ওডেসায় রাশিয়ান ড্রোন হামলা জ্বলে যাওয়া গাড়ি
ওডেসায় রাশিয়ান ড্রোন হামলা জ্বলে যাওয়া গাড়ি | ছবি: গার্ডিয়ান
0

ইউক্রেনজুড়ে বড় ধরনের এক দিনে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ (বুধবার, ১৩ মে) দিনের বেলায় চালানো এই হামলায় দুই শতাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে চালানো অন্য একটি হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ পাল্লার এই পাল্টাপাল্টি হামলা এমন এক সময়ে শুরু হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধের সমাপ্তি খুব কাছে। বেইজিং সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘বিশ্বাস করুন আর না-ই করুন, ইউক্রেন যুদ্ধের শেষ সময় ঘনিয়ে আসছে।’ এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইঙ্গিত দিয়েছিলেন যে ইউক্রেনে রুশ অভিযান সম্ভবত শেষের পথে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে রোমানিয়া সফরে রয়েছেন। সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, ‘রাশিয়া নির্লজ্জভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের রেল অবকাঠামো এবং বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে।’ বিশ্ববাসীর দৃষ্টি বর্তমানে ইরান যুদ্ধের দিকে থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ যখনই সংবাদের শিরোনাম থেকে হারিয়ে যায়, তখনই রাশিয়া আরও হিংস্র হওয়ার সাহস পায়।’

এদিকে ইউক্রেনের ড্রোনের আঘাতে রাশিয়ার দক্ষিণ আস্ট্রাখান অঞ্চলের একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের অন্তত ২৮৬টি ড্রোন ধ্বংস করেছে। তবে যুক্তরাষ্ট্রের ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’-এর মতে, গত অক্টোবর থেকে রাশিয়ার অগ্রযাত্রার গতি কমেছে। এমনকি গত মাসে রুশ বাহিনী ২০২৪ সালের পর এই প্রথম ভূখণ্ড হারানোর রেকর্ড গড়েছে।

অন্যদিকে দুর্নীতির দায়ে জেলেনস্কির একসময়ের ঘনিষ্ঠ সহযোগী আন্দ্রি ইয়ারমাকের বিচার শুরু হওয়ায় কিয়েভে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ১ কোটি ডলারের একটি বিলাস বহুল আবাসন প্রকল্পে অর্থ পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়ারমাক অবশ্য এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এএম