এক দিকে রঙিন আলোর ঝলকানি অন্য দিকে সংগীত, এই যেন এক কল্পনার গল্পকথা। চারদিকে শুধু আলো আর আলো। রূপকথার রাজ্যের মতো আলোর বর্ণিল রঙ্গে সেজেছে অস্ট্রেলিয়ার সিডনি।
গেল শুক্রবার থেকে বার্ষিক ভিভিড আলোর উৎসব উপলক্ষ্যে, দিনের আলো নিভতেই লাল, নীল, হলুদ নিয়ন আলো ও লেজার শো ঝলঝানি বিমোহিত করে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের।
শহরটির বিখ্যাত অপেরা হাউজ, হারবার ব্রিজ ও হাইড পার্কসহ শহরের বিভিন্ন জায়গা সেজে ওঠে আলো সজ্জিত অপরূপ সৌন্দর্যে। উৎসব উপলক্ষে অপেরা হাউসের পালগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে জেলিফিশ ও পাখির চলাচল।
উপস্থিত এক দর্শক বলেন, ‘এবারের আয়োজন অসাধারণ ছিল। প্রতি বছরই ভিভিড দেখতে আসি, কিন্তু এ বছর এটা অনন্য পর্যায়ে পৌঁছে গেছে।’
মনে হচ্ছে এ বছর আরও বেশি সংযোজন হয়েছে। গত বছরেও উৎসব এতটা প্রাণবন্ত ছিল না। মনে হচ্ছে চারপাশে অনেক আলো আর উন্মাদনা রয়েছে।
১৫ বছর আগে শুরু হওয়া এই আলোর উৎসব লাখও দর্শকের মন মাতিয়ে তোলার পাশাপাশি অস্ট্রেলিয়ার বাণিজ্যেকেও সমৃদ্ধ করে। শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যের দারুণ মেলবন্ধনের এই প্রদর্শনী দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো দর্শনার্থী আসেন সিডনিতে। ২৩ দিন ধরে চলবে এবারের আয়োজন যা শেষ হবে আগামী ১৩ই জুন।





