ওয়াশিংটন-তেল আবিব টানাপোড়েন: ইসরাইলি গোয়েন্দা তৎপরতায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

পেন্টাগন
পেন্টাগন | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের গোয়েন্দা তৎপরতা নিয়ে কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির মাত্রা ‘ক্রিটিক্যাল’ বা ভয়াবহ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)। মার্কিন সংবাদমাধ্যমের এনবিসির প্রতিবেদনে দুজন বর্তমান ও একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

ইরান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ প্রতিবেদন প্রকাশ পেলো।

প্রতিবেদন অনুযায়ী, ডিআইএ একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করেছে। সেখানে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে আঞ্চলিক সংঘাত সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছে ইসরাইল।

মূল্যায়নে বলা হয়, হিউম্যান ইন্টেলিজেন্স এবং কারিগরি তথ্য সংগ্রহ—উভয় ক্ষেত্রেই ইসরাইলের সক্ষমতা ‘ক্রিটিক্যাল লেভেলে’ পৌঁছেছে। এতে এমন কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইল সফরের সময় মার্কিন কর্মকর্তারা এমনিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করেন। কারণ দেশটি ‘আক্রমণাত্মকভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সুপরিচিত’।

এএম