বিভিন্ন দেশের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি দখলদারদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের প্রতিনিধি জঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘আমাদের ব্রিটিশ, কানাডীয়, অস্ট্রেলীয়, নিউজিল্যান্ড ও নরওয়েজীয় অংশীদারদের সঙ্গে মিলে আমরা আজ তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছি, যারা পশ্চিম তীরে সহিংসতা ও জবরদখল উসকে দেয়ার জন্য দায়ী।’
যুক্তরাজ্যের ফরেন অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ ব্যবসায়ীদের তারা অবৈধ ইসরাইলি বসতিতে যেকোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করার জন্য কঠোর পরামর্শ দিচ্ছে।
জাতীয় পর্যায়ে ফ্রান্স আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানান, পশ্চিম তীরে সহিংসতার দায়ে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বসতি স্থাপনকারী তিনটি গোষ্ঠীর শীর্ষ নেতা এবং ২১ জন উগ্রপন্থী বসতি স্থাপনকারীর ওপর ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলিদের এই অবৈধ বসতি স্থাপন ও সহিংসতা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দীর্ঘ দিন ধরেই সমালোচিত হয়ে আসছে। এই ৬ দেশের সমন্বিত নিষেধাজ্ঞা ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।





