ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগ; রাশিয়ান সংযোগের নেপথ্যে সাজা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি: সংগৃহীত
0

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার পর তিনি মন্তব্য করেছেন যে, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’। রাশিয়ার একজন নেতার ছেলের নির্দেশে অনলাইনে এই হামলার ছক কষা হয়েছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো দাবি করেছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গতকাল (সোমবার, ১৫ জুন) লন্ডনের একটি জুরিবোর্ড রোমান লাভরিনোভিচ নামের ২২ বছর বয়সী এক ইউক্রেনীয় নির্মাণশ্রমিক এবং স্ট্যানিস্লাভ কার্পিউক নামের ২৭ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করে। তারা ২০২৫ সালের মে মাসে লন্ডনে স্টারমারের সাবেক বাসভবন ও একটি গাড়িতে আগুন দিয়েছিল। ওই সময় বাড়িটিতে স্টারমারের শ্যালিকা ও তার পরিবার বসবাস করছিলেন।

ফ্রান্সের এভিয়ানে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেয়া স্টারমার মঙ্গলবার বলেন, ‘ন্যায়বিচার হয়েছে, তাই আমি সন্তুষ্ট। বিশেষ করে আমার পরিবারের জন্য এটি স্বস্তির, যারা এই ঘটনার শিকার হয়েছিল।’ তিনি আরও বলেন, এই হামলাকে যুদ্ধের ‘বৃহত্তর প্রেক্ষাপটে’ দেখতে হবে, যেখানে ইউক্রেন ভালো করছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

আদালত জানতে পেরেছে, হামলার মূল পরিকল্পনা করা হয়েছিল মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে। ‘এল মানি’ ছদ্মনামের একজন রুশভাষী ব্যক্তি অর্থের বিনিময়ে এই হামলার নির্দেশ দিয়েছিল। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি রাশিয়া থেকে একটি হ্যাকার গ্রুপের হয়ে কাজ করছিল। বিবিসির অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে যে, ‘এল মানি’ আসলে ইভজেনি লিউকাশিন নামের ২৩ বছর বয়সী এক তরুণ, যার বাবা একজন জ্যেষ্ঠ রুশ কূটনীতিক। তবে নিশ্চিত করে এটি বলা সম্ভব হয়নি।

প্রসিকিউটররা জানিয়েছেন, হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন। তবে লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশের প্রধান হেলেন ফ্লানাগান বলেন, মাস্টারমাইন্ডের লক্ষ্য ছিল ‘ভীতি তৈরি করা’। যদিও এই ঘটনার পেছনে সরাসরি কোনো রাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ মেলেনি। দোষী সাব্যস্তদের সাজা আগামী শুক্রবার ঘোষণা করা হবে।

এএম