ইরানের তেল রপ্তানিতে ৬০ দিনের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইরানের জ্বালানি খাতের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ (অর্থ মন্ত্রণালয়) এক সাধারণ লাইসেন্স জারির মাধ্যমে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত খনিজ তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে। খবর আল জাজিরার।

সুইজারল্যান্ডে চলমান ইতিবাচক কূটনৈতিক আলোচনার সূত্র ধরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি বলেন, ‘সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত নৌযান চলাচলের নিশ্চয়তা দিয়েছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।’

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন এই পদক্ষেপের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইরানের তেল সরবরাহের পথ সাময়িকভাবে সুগম হলো, যা আন্তর্জাতিক ভূরাজনীতি ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এএইচ