দ্য কিভ ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে তাদের হামলা জোরদার করেছে। কিভ বিশ্বাস করে, রাশিয়াকে অর্থবহ আলোচনায় বাধ্য করতে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ‘আরও সাহসের সঙ্গে’ অভিযান চালানোর মৌন সমর্থন পেয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রতিবেদনটি নাকচ করে দিয়েছেন। তিনি পুনরায় বলেন যে রাশিয়া মার্কিন মধ্যস্থতা প্রচেষ্টার জন্য ‘গভীরভাবে কৃতজ্ঞ’। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘অবশ্যই কোনো এক পক্ষের হয়ে যুদ্ধে লিপ্ত থেকে এ ধরনের প্রচেষ্টা চালানো অসম্ভব।’
পেসকভ সাংবাদিকদের আরও বলেন, ‘আমরা জানি যে মার্কিন আলোচক দল বিষয়টি খুব ভালো করেই বোঝেন এবং এ ব্যাপারে তারা সম্পূর্ণ সচেতন। আমরা সেই ধারণা থেকেই এগোচ্ছি এবং ইউক্রেন ইস্যুতে মার্কিন আলোচকদের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে বলে আশা করছি।’





