ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ; পাকিস্তানে জিও নিউজের সম্প্রচার স্থগিত

জিও নিউজের লোগোর একটি ইলাস্ট্রেশন।
জিও নিউজের লোগোর একটি ইলাস্ট্রেশন। | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানি ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) মুহররমের একটি বিশেষ অনুষ্ঠানে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার’ অভিযোগে জিও নিউজের লাইসেন্স ও সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে। গতকাল (শনিবার, ২৭ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি এই সিদ্ধান্তের কথা জানায়। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পেমরার নোটিশে বলা হয়েছে, ১০ই মুহররমের বিশেষ অনুষ্ঠান ‘সফর-ই-ইশক’-এ এমন কিছু ধর্মীয় দৃশ্য (রিলিজিয়াস ভিজ্যুয়ালাইজেশন) দেখানো হয়েছে যা দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। নিয়ন্ত্রক সংস্থাটির মতে, এ ধরনের বিষয় সম্প্রচার করা গুরুতর রেগুলেটরি উদ্বেগ তৈরি করে, যা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পাশাপাশি জনশান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

২৭ জুন ইস্যু করা এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে স্যাটেলাইট, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং সব ধরনের প্ল্যাটফর্মে আগামী ১৫ দিন জিও নিউজের সম্প্রচার বন্ধ থাকবে। পেমরা বিষয়টি তাদের ‘কাউন্সিল অব কমপ্লেইনস’ বিভাগে পাঠিয়েছে, যারা এ বিষয়ে শুনানি শেষে পরবর্তী ব্যবস্থা বা সুপারিশ প্রদান করবে।

জিও নিউজকে তাদের সম্পাদকীয় ও পর্যবেক্ষণমূলক ব্যর্থতা খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে তারা কী ব্যবস্থা নিচ্ছে, তা শুনানির সময় কাউন্সিল অব কমপ্লেইনসকে জানাতে হবে।

পাকিস্তানে ধর্মীয় বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। এর আগেও বিভিন্ন সময়ে ধর্মীয় ইস্যুতে বিতর্কিত বিষয় প্রচারের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করেছে পেমরা। ২০০২ সালে চালু হওয়া জিও নিউজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী বেসরকারি উর্দু নিউজ চ্যানেল।

এএম