অ্যানথ্রোপিকের সর্বাধুনিক এআই মডেলের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের তৈরি সর্বাধুনিক এআই মডেল ‘ফেবল ৫’ ও ‘মিথোস ৫’-এর ওপর থেকে রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই মডেল দুটির ব্যবহার স্থগিত করার নির্দেশ দেয়ার তিন সপ্তাহের মাথায় গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) এই সিদ্ধান্ত জানানো হলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উন্নত এআই প্রযুক্তি চীন বা রাশিয়ার মতো দেশগুলোর সামরিক গোয়েন্দা সংস্থাগুলো যাতে অপব্যবহার করতে না পারে, সেজন্য ওয়াশিংটন ইদানীং নতুন এআই মডেলগুলোর ওপর কড়া নজরদারি শুরু করেছে। গত ১২ জুন এক আদেশের মাধ্যমে বিদেশি নাগরিকদের জন্য এই মডেলগুলোর ব্যবহার সীমিত করতে বলা হয়েছিল। তখন ব্যবহারকারীর জাতীয়তা যাচাই করার তাৎক্ষণিক ব্যবস্থা না থাকায় অ্যানথ্রোপিক মডেল দুটি সবার জন্যই বন্ধ করে দেয়। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা (সেফগার্ড) যুক্ত করার পর এখন পুনরায় এগুলো ব্যবহারের অনুমতি দেয়া হলো।

বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক অ্যানথ্রোপিককে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের মডেলে কোনো ক্ষতিকর কার্যক্রম দেখা গেলে সরকারকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। শর্তভঙ্গ হলে বা পরিস্থিতি বদলে গেলে আবারও লাইসেন্স নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বলে তিনি সতর্ক করেন। অ্যানথ্রোপিক এখন আমাজন, মাইক্রোসফট ও গুগলের মতো অংশীদারদের সঙ্গে মিলে এআই সুরক্ষার অভিন্ন মানদণ্ড তৈরির কাজ করছে।

বিশেষ করে ‘এআই জেলব্রেক’ বা সুরক্ষাবলয় ভেঙে ফেলার কৌশল ঠেকাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমাজনের গবেষকরা সম্প্রতি ‘ফেবল ৫’-এর সুরক্ষাবলয় ভেদ করার একটি উপায় খুঁজে পেয়েছিলেন, যা সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করতে সক্ষম ছিল। অ্যানথ্রোপিক জানিয়েছে, তারা ইতিমধ্যে সেই পথ বন্ধ করেছে।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের পর এআই মডেলগুলোর ওপর নজরদারি ব্যাপকভাবে বেড়েছে। প্রতিযোগি প্রতিষ্ঠান ওপেনএআই-ও তাদের ‘জিপিটি-৫.৬’ মডেলের উন্মুক্ত প্রকাশ পিছিয়ে দিয়েছে সরকারের অনুরোধে। উল্লেখ্য, গণনজরদারি বা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় নিজেদের প্রযুক্তি ব্যবহারে আপত্তি জানানোর পর পেন্টাগন এর আগে অ্যানথ্রোপিককে ‘সাপ্লাই-চেইন রিস্ক’ হিসেবে তালিকাভুক্ত করেছিল।

এএম