আয়াতুল্লাহ খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলবে টানা ৬ দিন

আয়াতুল্লাহ খামেনির জানাজার আনুষ্ঠানিকতা
আয়াতুল্লাহ খামেনির জানাজার আনুষ্ঠানিকতা | ছবি: সংগৃহীত
0

শুরু হলো ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। চলবে টানা ৬ দিন। প্রথমদিন সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে। এরইমধ্যে সেখানে জড়ো হয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। রাজধানী জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

হাতে ইরানের সাবেক শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছোট্ট একটা ছবি। তা নিয়েই বুক চাপড়ে রাস্তা ধরে শোক মিছিল করছেন শোকাহত জনতা। তাদের লক্ষ্য গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো।

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ আজ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে। স্থানীয় সময় সকালে তা খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। তবে নির্ধারিত সময়ের আগেই সেখানে হাজির হয়েছেন শোকাহত মানুষ।

প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হচ্ছেন লাখ লাখ মানুষ। কান্নায় ভেঙ্গে পড়ছেন। কেননা সামনে এখন শুধু প্রিয় নেতার কফিন। আছে তার স্ত্রী, কন্যা, জামাতা ও তার ছোট্ট নাতনিও কফিন। এ শোক সহ্য করার নয়। এসময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের শ্লোগান দেন।

এরইমধ্যে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজধানী জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের সমবেত হওয়া লাখ লাখ শোকাহত মানুষের সুবিধার্থে কমপ্লেক্সে প্রধান প্রার্থনা কেন্দ্রের দরজা খুলেও দেয়া হয়েছে।

আরও পড়ুন:

পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী,শনিবার থেকে টানা ৬ দিন চলবে ঐতিহাসিক এই জানাজার আনুষ্ঠানিকতা। সোমবার মোসাল্লা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। পরে, মঙ্গলবার তেহরানের পথ ধরে বিশাল মিছিল নিয়ে খামেনির মরদেহ নেয়া হবে কোম শহরে। এরপর নেয়া হবে নাজাফ শহরে এবং সবশেষ ইরাকের কারবালায়।

মূলত ৪ টি শহর ঘুরে জন্মস্থান মাশহাদে দাফনের জন্য আনা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। আগামী ৯ জুলাই সেখানেই ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে দেশটির সাবেক এই সর্বোচ্চ নেতাকে ।

এর আগে শুক্রবার পবিত্র জুমার দিন প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়েছে ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ইমাম রেজার মাজারের লাল পতাকায় ঢাকা হয়েছে আয়াতুল্লাহর কফিন। এরিইমধ্যে তেহরানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সামনে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন ইরানের স্পিকার বাঘের গালিবাফ।

এছাড়া শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমবারের মতো জনসম্মুখে আসলেন আইআরজিসির প্রধান আহমেদ ভাহিদি। এসময় তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনি আজীবন ইরানের মানুষের হৃদয়ে থাকবেন এবং তাকে কখনও ইরানিরা বিদায় জানাবে না। এদিকে, সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে গুরুতর আহত হওয়ায় জানাজায় থাকছেন না আয়াতুল্লাহ খামেনির পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইএ