ইরানে দুই দিনের মার্কিন হামলায় নিহত ১৪; দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের হামলার পর ইরানের অজ্ঞাত স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের হামলার পর ইরানের অজ্ঞাত স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে | ছবি: সংগৃহীত
0

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই দিনের হামলায় ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হুসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।’

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) ভোরে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। পাল্টাপাল্টি এই হামলায় যুদ্ধ শেষ করতে সাহায্যের জন্য করা অন্তর্বর্তী চুক্তিটি আবারও হুমকির মুখে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের সাম্প্রতিক হামলাকে ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান বলে অভিহিত করার কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হয়। এর আগে ওমান উপকূলে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজকে ইরান লক্ষ্যবস্তু করার পর বুধবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও বন্দর সুবিধায় হামলা চালায়। ওই সময়ও ইরান পাল্টা হামলা চালিয়েছিল।

এএম