ইইউ-ইউক্রেন ড্রোন চুক্তির পরই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

আগুন নেভানোর কাজ করছেন জরুরি সেবা কর্মীরা
আগুন নেভানোর কাজ করছেন জরুরি সেবা কর্মীরা | ছবি: সংগৃহীত
0

থেমে নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বরং ক্ষমতার জানান দিতে স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে মস্কো। এতে নিহত হন কমপক্ষে ২ জন এবং আরও ৬ আহত হয়েছেন। মূলত ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ'র মধ্যে নতুন ড্রোন চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টার মাথায় এই আক্রমণ করে রুশ বাহিনী।

এদিকে গতকাল (বুধবার, ১৫ জুলাই) মস্কো জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের সামরিক সরঞ্জাম মজুদ ও রসদ সরবরাহ কেন্দ্র এবং বন্দর অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে, গেল ২৪ ঘণ্টায় রুশ হেলিকপ্টারে হামলাসহ ব্যাপক সংখ্যক ড্রোন প্রতিহত করেছে ইউক্রেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ার জন্য বরাবরই ইউরোপীয় ইউনিয়ন-ইইউকে দুষে আসছে মস্কো। তাদের অভিযোগ ইইউ এই অঞ্চলে নিজেদের সামরিক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়। এরইমধ্যে গতকাল (বুধবার, ১৫ জুলাই) কিয়েভ সফরে যান ইইউ'র প্রধান উরসুলা ফন ডার লিয়েন। এরপর ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি 'ড্রোন চুক্তি' ঘোষণা করেন তিনি। এসময় উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের শেষ নাগাদ তার দেশ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘২০২৬ সালের শেষ নাগাদ ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রযুক্তিগত সক্ষমতা থাকবে। ইউক্রেনের কাছে উন্নয়নশীল ইউরোপীয় অ্যান্টি-ব্যালিস্টিক প্রকল্প ফ্রেয়ার জন্য একটি সম্ভাব্য উৎক্ষেপক ও ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু আমাদের সর্বোপরি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাডারসহ অন্যান্য যন্ত্রাংশের অভাব রয়েছে।’

তবে ড্রোন চুক্তির ঘোষণার কয়েক ঘন্টা পরই কিয়েভের দুটি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় মস্কো। এতে দুটি গুদামঘর ও একটি ট্রাকে আগুন লেগে যায়। এতে হতাহত হয় অনেকেই। এদিকে হামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করে নি রাশিয়া। এর আগে বুধবার মস্কো জানিয়েছে তাদের বাহিনী ইউক্রেনের সামরিক সরঞ্জাম মজুদ ভবন ও রসদ সরবরাহ কেন্দ্র এবং বন্দর অবকাঠামোতে হামলা চালিয়েছে।

অন্যদিকে, গেল ২৪ ঘণ্টায় একটি রুশ হেলিকপ্টারে হামলা এবং ব্যাপক সংখ্যক ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে ইউক্রেন। এছাড়া দেশটির ড্রোন বাহিনীর কমান্ডার জানিয়েছেন, গতকাল (বুধবার, ১৫ জুলাই) কৃষ্ণ সাগরে দুটি গ্যাস ট্যাংকার, ১৭টি তেল ট্যাংকার ও একটি টাগবোটসহ ২০টি রুশ জাহাজে হামলা চালিয়েছেন তারা। 

তবে মস্কো-কিয়েভের এমন যুদ্ধাপরিস্থিতির মধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভায় রববদলের অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরোভকে বরখাস্ত করলেন জেলেনস্কি। তবে এতে ইউক্রেনে যুদ্ধাপরিস্থিতি নেতিবাচক প্রভাব পড়বে বলে হতাশা ব্যক্ত করেছেন বেশ কিছু আইনপ্রণেতা। এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ওই পদের জন্য দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা নাফতোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কিকে সমর্থন দিয়েছেন জেলেনস্কি।

এএম