বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলার প্রতিবাদে জাতিসংঘে ইরানের চিঠি

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি |
0

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

চিঠিতে ইরাভানি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের হামলাগুলো পরিকল্পিতভাবে ইরানের বন্দর, পরিবহন নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থা, লজিস্টিক হাব, রাডার স্থাপনা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চালানো হয়েছে। এসব অবকাঠামো বেসামরিক জনগণের জীবনযাত্রা এবং জাতীয় অর্থনীতি সচল রাখার জন্য অপরিহার্য। হামলায় এসব খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

ইরানি প্রতিনিধি আরও বলেন, এই হামলার ফলে যত মানুষের মৃত্যু হয়েছে, যারা আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পরিবেশের যে ক্ষতি হয়েছে, তার সব আন্তর্জাতিক দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

চিঠিতে ইরাভানি সতর্ক করে বলেন, এ ধরনের বেআইনি সশস্ত্র হামলা অব্যাহত রাখা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তার ওপর এটি বড় ধরনের প্রভাব ফেলছে।

এএম