শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার শর্তে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ভারতের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক
ভারতের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক | ছবি : সংগৃহীত
0

ককরোচ জনতা পার্টির তরুণদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুরু করা অনশন ভাঙলেন ভারতের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৩ জুলাই) রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে গত ২৬ দিনের অনশন ভাঙেন তিনি। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার লিখিত নিশ্চয়তা দেয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

প্রশ্নপত্র ফাঁসসহ ভারতের শিক্ষা ব্যবস্থায় চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে দেশটির যুব নেতৃত্বাধীন সংগঠন ককরোচ জনতা পার্টির তরুণদের সঙ্গে আন্দোলনে যোগ দেন দেশটির জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ শুরুর পর পরই গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন তিনি। অনশন প্রত্যাহার করার জন্য বেশ কিছু শর্তের কথাও জানান।

গত ১৮ জুলাই যন্তর মন্তরের অনশনের মঞ্চ থেকে সরিয়ে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্ত্বেও গুরুগ্রামের হাসপাতালেও বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি নিজের অনশন চালিয়ে যান।

আরও পড়ুন:

গত বৃহস্পতিবার থেকেই জনপ্রিয় এই উদ্ভাবককে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানায় দিল্লি দেশটির নানা অঙ্গনের মানুষ। যার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য, বলিউড তারকা, বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাও আছেন।

এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-র এবং স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর উপস্থিতিতে গত ২৬ দিনের অনশন ভাঙেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।


এফএস