রাশিয়ার ড্রোন বাহিনীর প্রধান হলেন ডেনিস লিয়ামিন

রাশিয়ার নতুন নিয়োগপ্রাপ্ত আনম্যানড সিস্টেমস ফোর্সের প্রধান ডেনিস লিয়ামিন
রাশিয়ার নতুন নিয়োগপ্রাপ্ত আনম্যানড সিস্টেমস ফোর্সের প্রধান ডেনিস লিয়ামিন | ছবি: রয়টার্স
0

রাশিয়ার সদ্য গঠিত ‘আনম্যানড সিস্টেম ফোর্সেস’ বা চালকবিহীন যান বাহিনীর প্রধান হিসেবে ডেনিস লিয়ামিনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ (বুধবার, ৫ আগস্ট) এই ঘোষণা দেয়া হয়। সামরিক বাহিনীর এই নতুন শাখাটি ড্রোনযুদ্ধের দায়িত্বে থাকবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরের মাঝপথে সামরিক কাঠামোর ‘সংস্কার’ কর্মসূচির অংশ হিসেবে পুতিন এই নিয়োগের কথা জানান। বর্তমান যুদ্ধে ড্রোনের ব্যবহার এতটাই বেড়েছে যে, দুই পক্ষই ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে সমুদ্রপথে এবং শত্রুর ভূখণ্ডের গভীরে থাকা জ্বালানি স্থাপনা ও পণ্যাগারের মতো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে। ইউক্রেনও গত মাসে নিজস্ব ‘দূরপাল্লার আঘাত হানার’ কমান্ড গঠনের ঘোষণা দিয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানদের সঙ্গে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে লিয়ামিনকে সরাসরি সম্বোধন করে পুতিন বলেন, ‘নতুন এই ড্রোন বাহিনীর দায়িত্ব নেয়ার জন্য তিনি অন্যতম যোগ্য বিশেষজ্ঞ।’ তিনি লিয়ামিনকে দ্রুত বাহিনী গঠনের কাজ শেষ করে দায়িত্ব বুঝে নেয়ার নির্দেশ দেন।

লিয়ামিন ইতিপূর্বে ইউক্রেন যুদ্ধরত রাশিয়ার ‘সেন্টার’ গ্রুপ অব ফোর্সেসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পড়াশোনা ট্যাঙ্ক কমান্ড স্কুলে এবং তিনি স্থল বাহিনী থেকে উঠে এসেছেন। পুতিন জানান, দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখল করার লক্ষ্যে ‘সেন্টার’ গ্রুপটি মস্কোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একই বৈঠকে ঘোষিত রদবদলে ‘সেন্টার’ গ্রুপের সাবেক কমান্ডার ভ্যালেরি সলোদচুককে সামরিক বাহিনীর সম্পূর্ণ রসদ সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছে। তার শূন্যস্থানে দায়িত্ব নেবেন আন্দ্রেই ইভানায়েভ, যিনি এতদিন ‘ইস্টার্ন’ গ্রুপ অব ফোর্সেসের দায়িত্বে ছিলেন।

এএম