স্পেনের পর্যটন শহর গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প

প্রতীকী
প্রতীকী | ছবি: সংগ্রহীত
0

স্পেনের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রানাদায় (শনিবার, ১৫ আগস্ট) দিবাগত রাতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আঞ্চলিক সরকার জানিয়েছে, ভূমিকম্পে বাড়িঘর ও গাড়ির ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ১টার ঠিক পর গ্রানাদার আলহেনদিন মেট্রোপলিটন এলাকায় এই কম্পন অনুভূত হয়। দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভিইতে সড়কে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ ও পর্যটকপ্রিয় শহরটিতে গাড়ির কিছু ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। আন্দালুসিয়া অঞ্চলের জরুরি বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস-প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো শনিবার এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। তিনি লেখেন, ‘আপনি যদি গ্রানাদায় থাকেন, ভূমিকম্প অনুভব করে থাকেন, সুস্থ আছেন এবং আপনার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি না ঘটে, তবে শান্ত থাকুন। অহেতুক ভবনে ঢোকা ও বের হওয়া থেকে বিরত থাকুন।’

তিনি আরও বলেন, ‘রাস্তায় থাকলে বাড়ির সামনের দেয়াল, কার্নিশ, বারান্দা, প্রাচীর কিংবা পড়ে যেতে পারে এমন যেকোনো কাঠামো থেকে দূরে থাকুন।’

এএম