যুক্তরাষ্ট্রের চাপের মুখে অনড় অবস্থান ইরানের; অভ্যন্তরীণ বিরোধিতাও সহ্য না করার বার্তা

তেহরানের কেন্দ্রীয় এনগেলাব স্কয়ারে যুক্তরাষ্ট্রবিরোধী বিলবোর্ড
তেহরানের কেন্দ্রীয় এনগেলাব স্কয়ারে যুক্তরাষ্ট্রবিরোধী বিলবোর্ড | ছবি: গেটি ইমেজ
0

ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আপসের পথ এড়িয়ে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে অভ্যন্তরীণ যেকোনো ধরনের অসন্তোষ বা বিক্ষোভ কঠোর হাতে দমনের স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির ধর্মীয় ও সামরিক নেতৃত্ব। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি শাসনব্যবস্থা পরিবর্তনের যে আশা করেছিলেন, বর্তমান পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত দিকে মোড় নিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) নতুন সচিব মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প প্রশাসন কোনো পদক্ষেপ নিলে ইরান তার তীব্র প্রতিক্রিয়া দেখাবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেয়া হবে না।

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির জারি করা সাম্প্রতিক নির্দেশনায় দেশটির নতুন শীর্ষ সামরিক ও প্রশাসনিক কাঠামো চূড়ান্ত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা নিহত হন। হামলায় আহত হওয়ার পর থেকে ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি প্রকাশ্যে আসেননি। তবে তিনি গুরুত্বপূর্ণ পদে তার ঘনিষ্ঠ মিত্রদের বসিয়েছেন।

অভ্যন্তরীণ অসন্তোষ দমনে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) আওতাধীন স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কট্টরপন্থি আলেম ও সাবেক গোয়েন্দাপ্রধান হোসেইন তায়েবকে। ২০০৯ সালের গণবিক্ষোভ কঠোরভাবে দমনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়া আইআরজিসি-র প্রধান হিসেবে ৬৮ বছর বয়সী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি, নৌবাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডার জেনারেল আলী ওজমায়ি এবং চিফ অব স্টাফ জেনারেল আলী আবদুল্লাহির পদ নিশ্চিত করা হয়েছে।

ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট ও যুদ্ধ নিয়ে দৃষ্টিভঙ্গির ভিন্নতাও দেখা যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতার পক্ষে অবস্থান নিয়ে গত সপ্তাহে বলেন, ‘যুদ্ধ বন্ধ করাই এখন শ্রেয় হবে, কারণ আজ আমরা শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছি এবং বিশ্ব আমাদের জয়কে স্বীকৃতি দিয়েছে।’ তবে মোহসেন রেজায়ি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের আচরণ পরিবর্তন করে যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন করলেই কেবল সমঝোতা হতে পারে।

বিক্ষোভের ঝুঁকি এড়াতে বাসিজি বাহিনীকে সমাজের প্রতিটি স্তরে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুজতবা খামেনি। এছাড়া এক বার্তায় তিনি উপসাগরীয় দেশসহ গোটা মুসলিম বিশ্বকে তাদের প্রকৃত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, মুসলিমদের মধ্যকার যেকোনো বিভাজন শত্রুদেরই স্বার্থ রক্ষা করে।

এএম