যৌথ মহড়া শেষে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সতর্ক অবস্থানে সিউল

আবিদ মঈন
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের খবর দেখছেন কয়েকজন
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের খবর দেখছেন কয়েকজন | ছবি: আল জাজিরা
0

পূর্ব উপকূলে সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শনিবার এ তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই ওই অঞ্চলে নজরদারি জোরদার করেছে সিউল। একই সঙ্গে পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে নিবিড়ভাবে তথ্য বিনিময় করছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, শনিবার ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল ওনসান থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এগুলো প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ অতিক্রম করে সাগরে পড়ে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দপ্তর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, জেসিএস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে একটি জরুরি নিরাপত্তা বৈঠক করেছে।

এদিকে মার্কিন প্যাসিফিক কমান্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি। তবে এই অঞ্চলে দক্ষিণ কোরিয়াসহ মিত্রদেশগুলোর সুরক্ষায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা।

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার পাঁচ দিনব্যাপী যৌথ নৌমহড়া শেষ হওয়ার ঠিক পরের দিনই এসব ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং। গত সোমবার ওই মহড়া শুরু হওয়ার পর উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম সং গি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাদের দেশ ‘শক্তির অবস্থান থেকে কঠোর ও যথাযথ পাল্টা ব্যবস্থা’ নিতে সক্ষম।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে দীর্ঘদিন ধরেই নিজেদের বিরুদ্ধে আগ্রাসনের প্রস্তুতি বলে দাবি করে আসছে পিয়ংইয়ং। অতীতেও এমন মহড়ার প্রতিক্রিয়ায় প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

এএম