সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ: যুদ্ধক্ষেত্রের নতুন রূপ নিয়ে মার্কিন সেনাপ্রধানের হুঁশিয়ারি

আবিদ মঈন
যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীপ্রধান জেনারেল ড্যান কেইন
যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীপ্রধান জেনারেল ড্যান কেইন | ছবি: রয়টার্স
0

ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র কেবল ভূমিতে সীমাবদ্ধ থাকবে না, বরং সমুদ্রের তলদেশ থেকে শুরু করে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশ পর্যন্ত বিস্তৃত হবে। এ ধরনের নতুন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে এবং জয়ী হতে মার্কিন সামরিক বাহিনীকে অবিলম্বে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীপ্রধান জেনারেল ড্যান কেইন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আয়োজিত ‘এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্স’-এ মার্কিন যৌথ চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধের চরিত্র দ্রুত বদলে যাচ্ছে। ভবিষ্যতে নিরাপদ কোনো ঘাঁটি বা বাধাগ্রস্তহীন রসদ সরবরাহের পথ থাকবে না। সামনের সারির সেনাদলকে ধরে নিতে হবে যে তারা ড্রোন বা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে চিহ্নিত হচ্ছে এবং সিগন্যাল জ্যামিং ও রিয়েল-টাইম নজরদারির মুখে রয়েছে।

ড্যান কেইন বলেন, ‘ভবিষ্যতের যুদ্ধে সেই পক্ষই সুবিধা পাবে, যারা সবার আগে শত্রুকে দেখতে পাবে, বুঝতে পারবে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং আঘাত হানতে পারবে।’ তিনি আরও জানান, অন্য যেকোনো প্রযুক্তির চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত সাইবার সক্ষমতা সামরিক কৌশলকে সবচেয়ে দ্রুত বদলে দিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি গত জুনে ওমান উপকূলে এআই-চালিত একটি স্বয়ংক্রিয় নৌকার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারের দুই মার্কিন সেনাকে উদ্ধারের ঘটনা তুলে ধরেন।

এই বক্তব্যের দুদিন আগেই মার্কিন বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক প্রকাশ্যে স্বীকার করেন যে মহাকাশে মার্কিন স্পেস ফোর্সের ‘স্পেস কন্ট্রোল ওয়েপন্স’ বা অস্ত্র মোতায়েন রয়েছে। চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা এবং ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

তবে চীনের পক্ষ থেকে মহাকাশকে যুদ্ধক্ষেত্রে রূপ দেওয়ার মার্কিন উদ্যোগের তীব্র নিন্দা জানানো হয়েছে। উল্লেখ্য, ১৯৬৭ সালের আউটার স্পেস চুক্তিতে মহাকাশে পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্র বসানো নিষিদ্ধ হলেও সাধারণ বা ঐতিহ্যবাহী অস্ত্রের বিষয়ে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই।

এএম