ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে রাশিয়ার আকাশ হামলায় চারজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জাপোরিজিয়া শহরে একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই নারী নিহত হন। এছাড়া সুমি শহরে রাশিয়ার পৃথক হামলায় আরও দুজন মারা গেছেন। রাজধানী কিইভ, ওডেসা, সুমি ও খারকিভ অঞ্চলেও একাধিক আবাসিক ভবন ও স্থাপনায় আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন।
হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেন, ‘রাশিয়ার পছন্দ যদি তাদের হামলাকে আরও নির্মম করা হয়, তবে বিশ্বকেও জোরালো প্রতিক্রিয়া জানাতে হবে, যাতে এই যুদ্ধ আরও ছড়িয়ে না পড়ে।’
অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ওই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় দুটি শিল্পপ্রতিষ্ঠানে আগুন ধরে যায়। পরে রুশ সংবাদমাধ্যম জানায়, একটি স্থানীয় তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইউক্রেন।
এছাড়া কিইভের বোরিসপিল জেলায় একটি গুদামে রুশ ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং অন্তত দুজন আহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিইভে তাদের হামলায় একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোবাইল ইন্টারনেট ও স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থায় সহায়তা দিচ্ছিল।





