রিয়াদের অভিভাবকেরা রোববার সকালে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে পাঠানো ইমেইল বার্তা পান। এতে বলা হয়, সরকারি নির্দেশনায় চলতি সপ্তাহে সব স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে। ইমেইলে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা না হলেও আঞ্চলিক উত্তেজনা ও হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগের দিন রাজধানী রিয়াদ ও খামিস মুশাইত এলাকা লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
গত জুলাইয়ে ইয়েমেন সংঘাত নতুন রূপ নেওয়ার পর থেকে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুথিরা। এসব হামলায় বেসামরিক নাগরিকেরা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদও উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।





