আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ বাজারে রেকর্ড ছোঁয়া জ্বালানির দাম কমাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এক প্রশাসনিক কর্মকর্তা জানান, আগামী ছয় মাসের মধ্যে ইউরোপকে জরুরি মজুত থেকে অন্তত ১২ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা এবং সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য ও চীনের ডিজেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউরোপ বর্তমানে জ্বালানির জন্য যুক্তরাষ্ট্রের ওপর অনেকটাই নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের দেওয়া এই শর্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে নতুন দ্বিধায় ফেলে দিয়েছে।
এদিকে উদ্ভূত জ্বালানি সংকট ও তেলের দাম নিয়ন্ত্রণে জরুরি আলোচনা শুরু করেছে ইউরোপ। ইউরোপীয় কমিশন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ব্রিটেন ও আয়ারল্যান্ড বৃহস্পতিবার এ বিষয়ে একটি ফোনালাপে অংশ নেয়। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় ইমানুয়েল ম্যাক্রোঁর বরাতে জানিয়েছে, জ্বালানির বৈশ্বিক প্রাপ্যতা ও দাম নিয়ন্ত্রণে জি-৭ জোটের নেতাদের নিয়ে একটি জরুরি ভিডিও সম্মেলন আহ্বান করবেন তিনি।





