আউগুস্ট হ্যানিং ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএনডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার জার্মানির নর্ডভাল্ডে এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন ব্যাভেরিয়ার একটি স্থান থেকে ম্যানফ্রেড ডি নামের বিএনডির আরেক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসিকিউটরদের অভিযোগ, ম্যানফ্রেড ডি অর্থের বিনিময়ে বিএনডির অত্যন্ত গোপনীয় ও অভ্যন্তরীণ প্রায় দুই হাজার নথি হ্যানিংয়ের হাতে তুলে দিয়েছিলেন। এসব নথি ব্যবহার করে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তার জন্য বিশ্লেষণমূলক গোপন প্রতিবেদন তৈরি করেছিলেন হ্যানিং। এছাড়া অন্য আরেকটি বিদেশি সংস্থার প্রতিনিধির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তিনি বছরের পর বছর রাষ্ট্রের স্পর্শকাতর রাজনৈতিক তথ্য পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে কোন কোন বিদেশি রাষ্ট্র বা সংস্থা এর সঙ্গে জড়িত, তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
জার্মানির একটি পারিবারিক বিরোধ ও অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে একটি ইলেকট্রনিক মেমোরি ড্রাইভ থেকে বিএনডির এসব গোপন নথি উদ্ধার করে পুলিশ। এর পরই হ্যানিংয়ের সংশ্লিষ্টতা সামনে আসে। এর আগে ২০২৩ সালেও রাশিয়ার কাছে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত গোপন সামরিক তথ্য পাচারের দায়ে কারস্টেন এল নামের বিএনডির এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল।





